মুখ্যমন্ত্রী পদে আজই ইস্তফা দেবেন সিদ্দারামাইয়া? কর্ণাটকে জোর নাটক, শুরু ব্রেকফাস্ট বৈঠকে

Siddaramaiah Resignation Update: মুখ্যমন্ত্রী পদে আজই ইস্তফা দেবেন সিদ্দারামাইয়া? কর্ণাটকে জোর নাটক, শুরু ব্রেকফাস্ট বৈঠকে

আজ সকাল ৯টায় নিজের বাসভবনে মন্ত্রিসভার সদস্য, দলের বিধায়কদের প্রাতরাশে ডেকেছিলেন সিদ্দারামাইয়া৷ সেই বৈঠকেই বড় ঘোষণা করতে পারেন তিনি৷

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে কি ইস্তফা দেবেন সিদ্দারামাইয়া? আজ সকালে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রাতরাশের বৈঠকের পর সেই প্রশ্নের উত্তর মিলতে পারে৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন কি না, এই বৈঠকেই মন্ত্রিসভার বাকি সদস্য এবং কংগ্রেস শীর্ষ নেতাদের সামনে তা স্পষ্ট করতে পারেন সিদ্দারামাইয়া৷ ইতিমধ্যেই সিদ্দারামাইয়ার বাসভবনে সেই বৈঠক শুরু হয়েছে৷

গত মঙ্গলবার সিদ্দারামাইয়া এবং তাঁর সম্ভাব্য উত্তরসূরি উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দিল্লিতে গিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে দেখা করেছিলেন৷ তার পর থেকেই সিদ্দারামাইয়ার ইস্তফা জল্পনা আরও জোরাল হয়৷ সূত্রের খবর, আজ বিকেলের মধ্যেই কর্ণাটকের রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন সিদ্দারামাইয়া৷ শেষ পর্যন্ত তিনি তা করলে ডি কে শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হবে৷

এর আগে জানা গিয়েছিল, সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলে তাঁকে রাজ্যসভায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের৷ ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে সিদ্দারামাইয়াকে জাতীয় স্তরে আরও সামনে নিয়ে আসতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড৷

এই পরিস্থিতিতে গতকাল সিদ্দারামাইয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা৷ প্রায় একঘণ্টা তাঁদের মধ্যে আলোচনা হয়৷ অন্যদিকে আবার বুধবারই দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *