Updated by: 05:09:2026
নিজস্ব প্রতিবেদন: প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের নীচে ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেরামতির কাজ এখনও চলছে। শনিবারও আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। পরিস্থিতি সামাল দিতে একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, নিউ ফরাক্কা স্টেশনের কাছাকাছি আপ লাইনের নীচে মাটি বসে যাওয়ায় এই বিপত্তি তৈরি হয়। টানা বৃষ্টিতে লাইনের নীচের মাটি নরম হয়ে যাওয়াতেই ধসের ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে পাইলিং, পাথরকুচি ও অন্যান্য উপকরণ দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালাচ্ছে রেল।
তবে মেরামতির কাজ চললেও শনিবারও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে উত্তরবঙ্গ থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের দিকে আসা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে আবার বিকল্প পথে চালানো হচ্ছে।
শনিবার বাতিল হওয়া গুরুত্বপূর্ণ ট্রেনগুলির তালিকা—
- ১২৩৪৬ গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
- ১৩১৪৮ বামনহাট–শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
- ১৩১৫০ আলিপুরদুয়ার–শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
- ১২৩৪৪ হলদিবাড়ি–শিয়ালদহ দার্জিলিং মেল
- ১৩১৯০ বালুরঘাট–শিয়ালদহ এক্সপ্রেস
- ১২৩৭৮ আলিপুরদুয়ার–শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস
- ১৩১১৬ জলপাইগুড়ি–শিয়ালদহ হামসফর এক্সপ্রেস
- ১৩১৪৬ রাধিকাপুর–কলকাতা এক্সপ্রেস
- ১৩১৬০ যোগবাণী–কলকাতা এক্সপ্রেস
- ১৩০৩৪ কাটিহার–হাওড়া এক্সপ্রেস
- ১৩০৫৪ রাধিকাপুর–হাওড়া কুলিক এক্সপ্রেস
- ১৩১৬২ বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস
- ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা-তোর্সা এক্সপ্রেস
- ১৩০১২ মালদহ টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।
রেল পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। চিকিৎসা, চাকরির পরীক্ষা কিংবা অন্যান্য জরুরি কাজে উত্তরবঙ্গ থেকে কলকাতামুখী যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। আটকে থাকা যাত্রীদের সুবিধার জন্য রাজ্য সরকারের তরফেও অতিরিক্ত বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের তরফে দ্রুত মেরামতির কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে আপ লাইন পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ ও বাতিলের সিদ্ধান্ত বহাল থাকতে পারে।
