Updated at :07.09.2026
দক্ষিণ দিল্লির সত্য নিকেতন এলাকায় ভয়াবহ বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। রবিবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে প্রায় ৫০ বছরের পুরনো একটি বহুতল ভবন। ওই বাড়িটি মূলত ছেলেদের পেইং গেস্ট বা PG আবাসন হিসেবে ব্যবহৃত হত। দুর্ঘটনার সময় সেখানে বহু পড়ুয়া ছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনার পরই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া এক পড়ুয়ার একটি ১১ সেকেন্ডের SOS ভিডিও সামনে আসে। ভিডিওতে দেখা যায়, ধুলো ও ধ্বংসাবশেষের মধ্যে আটকে রয়েছেন ওই পড়ুয়া। শরীরে আঘাতের চিহ্নও দেখা যায়। ফোনের ক্যামেরায় নিজের চারপাশের পরিস্থিতি দেখিয়ে তিনি সাহায্যের আবেদন করেন। ভিডিওটি পরে NSUI-র তরফেও প্রকাশ করা হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ ভবনটি ভেঙে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। এখনও পর্যন্ত ১৩ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বলে NDTV জানিয়েছে। AIIMS ট্রমা সেন্টারে ১১ জন আহতকে নিয়ে যাওয়া হয়েছিল; তাঁদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে।
ভবনটি প্রায় ৫০ বছরের পুরনো ছিল। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ভবনের বেসমেন্টে মেরামতির কাজ চলছিল। ভবন ভেঙে পড়ার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাস্থল পরিদর্শন করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে, ঘটনাস্থলের CCTV ফুটেজেও ধরা পড়েছে ভয়াবহ মুহূর্ত। কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা বহুতলটি ধসে পড়ে এবং চারপাশ ধুলোর মেঘে ঢেকে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকাজ আরও জোরদার করা হয়েছে।
প্রশাসনের তরফে উদ্ধারকাজ চললেও এই ঘটনায় দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
