Updated at : 18.09.2026
দার্জিলিং: বিয়ের পর পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক নববধূ। দার্জিলিঙের সিটংয়ে একটি হোমস্টেতে বার্বিকিউ করার সময় আচমকাই আগুনের শিখা ছড়িয়ে পড়ে। সেই আগুনে গুরুতরভাবে দগ্ধ হন নববধূ নিকিতা সাহা। গোটা ঘটনার দৃশ্য ধরা পড়েছে হোমস্টের সিসিটিভি ক্যামেরায়।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা সমীর দাস ও নিকিতা সাহার কয়েক দিন আগেই বিয়ে হয়েছিল। বিয়ের পর তাঁরা দার্জিলিঙের সিটংয়ে ঘুরতে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে হোমস্টের বারান্দায় বার্বিকিউ করার সময় আচমকাই ঘটে বিপত্তি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, নবদম্পতি বার্বিকিউয়ের সামনে বসেছিলেন। আচমকাই এক ব্যক্তি বার্বিকিউয়ের আগুনের কাছে কোনও তরল পদার্থ ঢালেন বলে ফুটেজে দেখা গিয়েছে। এরপরই মুহূর্তের মধ্যে আগুনের বড় শিখা ছড়িয়ে পড়ে এবং নিকিতার শরীরে আগুন ধরে যায়। তাঁকে বাঁচাতে তড়িঘড়ি ছুটে আসেন তাঁর স্বামী ও সেখানে উপস্থিত অন্যরা।
ঘটনার পর নিকিতাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটল এবং বার্বিকিউয়ের সময় নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পর্যটনকেন্দ্রের হোমস্টে বা রিসর্টে খোলা আগুন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
