Updated at : 6 Aug 2026
ভোলার বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেটির ভিডিও ধারণ করার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. কামালের ছেলে রাহাত (১৭), মো. জাকির হোসেনের ছেলে সিয়াম (১৭) এবং মো. কাশেমের ছেলে ইমন। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে স্থানীয় একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৬ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে জোরপূর্বক একটি নির্জন বাগানে নিয়ে মুখ চেপে ধরে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বোরহানউদ্দিন থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
