Durga Puja : দুর্গাপুজোয় অনুদান নিয়ে বড় খবর! কী জানালেন শুভেন্দু অধিকারী?

Updated at : 25 Aug 2026

দুর্গাপুজোকে ঘিরে রাজ্যের পুজো কমিটিগুলির মধ্যে এখন থেকেই শুরু হয়েছে অনুদান নিয়ে জল্পনা। এবছরও কি পুজো কমিটিগুলিকে সরকারি আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার? এই প্রশ্নের জবাবে বড় ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগের মতো সমস্ত পুজো কমিটিকে ঢালাওভাবে অনুদান দেওয়ার পরিবর্তে যেসব পুজো কমিটির সত্যিই আর্থিক সাহায্যের প্রয়োজন, তাদের পাশে দাঁড়ানোর কথা ভাবছে সরকার। অর্থাৎ, পুজোর বাজেট ও আর্থিক প্রয়োজনের ভিত্তিতে অনুদান দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০২৫ সালে রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। তবে ২০২৬ সালে সেই একই নিয়ম থাকবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

অন্যদিকে, আগস্ট মাসে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে সরকার দুর্গাপুজো আয়োজনে সবরকম সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। ফলে এবার ঠিক কোন কোন পুজো কমিটি অনুদান পাবে এবং কত টাকা পাবে, সেই ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের পুজো কমিটিগুলি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *