ইরানের সঙ্গে ব্যবসা, আমেরিকার নিষেধাজ্ঞার কোপে ৪ ভারতীয় সংস্থা! তালিকায় ৩ ব্যবসায়ীও

Updated at : 26Aug2026

নয়াদিল্লি: ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগে চারটি ভারতীয় সংস্থা এবং তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। ইরানের আর্থিক আয়ের পথ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ ‘Operation Economic Outcast’-এর আওতায় এই পদক্ষেপ করা হয়েছে।

মার্কিন বিদেশ দফতরের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে Portease Partners LLP, Sadashiva Overseas Limited, PP Softtech Private Limited এবং Prakrutees Infra Impex India Private Limited। সংস্থাগুলির বিরুদ্ধে ইরান থেকে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি বা সেই বাণিজ্যে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে Portease Partners LLP একটি কাস্টমস ব্রোকার সংস্থা। মার্কিন অভিযোগ, সংস্থাটি ইরান থেকে ভারতে একাধিক পেট্রোকেমিক্যাল পণ্য পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে। এই সংস্থার দুই পার্টনার ইন্দ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং হরিশ রামচন্দ্র রঙ্গি-কেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এছাড়া, মার্কিন কর্তৃপক্ষের দাবি, Sadashiva Overseas Limited ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুনের মধ্যে প্রায় ৬৯ মিলিয়ন ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে। PP Softtech Private Limited এবং Prakrutees Infra Impex India Private Limited-এর বিরুদ্ধেও প্রায় ২৫ মিলিয়ন ডলার করে ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগ রয়েছে। তিন সংস্থাকে ঘিরে মার্কিন নথিতে উল্লেখ করা আমদানির মোট মূল্য প্রায় ১১৯ মিলিয়ন ডলার

PP Softtech-এর পরিচালক প্রশান্ত গর্গ-কেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ চারটি ভারতীয় সংস্থার পাশাপাশি মোট তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

মার্কিন প্রশাসনের বক্তব্য, ‘Operation Economic Outcast’-এর মূল লক্ষ্য হল ইরানের তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্য থেকে আসা রাজস্বের পথ বন্ধ করা এবং তেহরানের সঙ্গে ব্যবসা করা সংস্থা ও ব্যক্তিদের উপর চাপ বাড়ানো। এই পদক্ষেপের ফলে ভারত-আমেরিকা সম্পর্কেও নতুন করে কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এই নিষেধাজ্ঞা ভারত সরকারের বিরুদ্ধে নয়, বরং নির্দিষ্ট ভারতীয় সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ। এর প্রভাব ভারত-ইরান বাণিজ্য, পেমেন্ট ব্যবস্থা এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক লেনদেনে পড়তে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *